সংস্করণ বদলাতেই বদলে গেল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ধবলধোলাই করলেও ওয়ানডে সিরিজে বাজে শুরু করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের মতে, আরও কিছু রান স্কোর বোর্ডে জমা করতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ১১.৫ ওভারে ৩ উইকেটে ৫৩ রানে পরিণত হয় বাংলাদেশ। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়। বাউন্ডারি খুব একটা মারতে না পারলেও দুজনই স্ট্রাইক রোটেট করে রানের চাকা সচল রেখেছেন। চতুর্থ উইকেটে ১৪২ বলে ১০১ রানের জুটি গড়েন হৃদয় ও মিরাজ। তবে মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে হৃদয় রানআউটের শিকার হলে ভাঙে এই জুটি। একই সঙ্গে ভাঙন ধরে বাংলাদেশের ইনিংসেও। ২৫০-এর কাছাকাছি যে স্কোর হতে পারত, সেখানে বাংলাদেশ ৪৮.৫ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়।
প্রথম ওয়ানডে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মিরাজ হুড়মুড়িয়ে ধসে পড়াকেই হারের কারণ হিসেবে দায়ী করেছেন, যেখানে ১৫৪ থেকে ২২১—৬৭ রান তুলতে শেষ ৭ উইকেট হারিয়েছে দলটি। মিরাজ বলেন, ‘শেষের দিকে ভালো জুটি পাইনি। সমস্যাটা সেখানেই হয়েছে। ২৬০ রানের বেশি করতে পারলে ভালো হতো।’ ২২২ রানের লক্ষ্যে নেমে আফগানিস্তানের স্কোর হয়ে যায় ১২.১ ওভারে ২ উইকেটে ৫৮ রান। সেখান থেকে ৭৮ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ। কিন্তু রহমত-গুরবাজ পরপর দুই ওভারে আউট হলে আবার ম্যাচে ফেরে বাংলাদেশ। কারণ, তখন আফগানদের স্কোর হয়ে যায় ৩১.২ ওভারে ৪ উইকেটে ১৩৬ রান।
আস্কিং রেট একটা সময় পাঁচের ওপরে উঠলেও কোনো সমস্যা হয়নি আফগানিস্তানের। ১৭ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা। হারের ব্যাখ্যায় মিরাজ বলেন, ‘ব্যাটিং করা এই উইকেটে কঠিন ছিল। উইকেটে কিছুটা টার্ন ছিল। বোলাররা ভালো বোলিং করেছে। কিন্তু তাদের (আফগানিস্তান) যথেষ্ট লক্ষ্য তুলে দিতে পারিনি।’
হারের হতাশায় সিরিজ শুরু বাংলাদেশেরহারের হতাশায় সিরিজ শুরু বাংলাদেশের
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। আফগান এই অলরাউন্ডার ৪৪ বলে ৬ চার ও ১ ছক্কায় করেন ৪০ রান। বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। ৯ ওভারে খরচ করেন ৪০ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিং করেন তানজিম হাসান সাকিব। ৭ ওভারে ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি ওভার মেডেনও দিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন মিরাজ ও তানভীর ইসলাম। মিরাজ ৮৭ বলে ১ চার ও ১ ছক্কায় ৬০ রান করেছেন। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১১ ও ১৪ অক্টোবর।