বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬

মান্দায় উপজেলা প্রসাশন ও সাংবাদিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

NewsPaper

মোঃ রওশন আলম, মান্দা নওগাঁ

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ

মান্দায় উপজেলা প্রসাশন ও সাংবাদিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

“মাদক ছেড়ে মাঠে চল, সবাই খেলি ফুটবল” এ স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় কয়াপাড়া কামার কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন একাদশ ও উপজেলা সাংবাদিক একাদশ মুখোমুখি হয়। খেলা উপভোগ করতে মাঠজুড়ে জমে ওঠে দর্শকদের ভিড়।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-প্রতি আক্রমণে ব্যস্ত থাকেন। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে উপজেলা প্রশাসন একাদশ চমৎকার গোল করে দলকে এগিয়ে নেন। এরপর সাংবাদিক একাদশ গোল শোধের চেষ্টা করলেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন উপজেলা প্রশাসন একাদশ।

ম্যাচ শেষে মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, আজকের খেলাটি ছিল শুধু বিনোদন নয়, বরং একটি সামাজিক বার্তা। মাদক একটি অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। প্রশাসন সবসময়ই এমন ইতিবাচক উদ্যোগকে সমর্থন করে আসছে। ভবিষ্যতে শুধু সাংবাদিক নয়, কৃষক-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করা হবে।


আজকের ম্যাচে জয় পরাজয় বড় বিষয় নয়; বরং মাদকবিরোধী সচেতনতাই আমাদের মূল লক্ষ্য।

খেলা মাঠে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী স্থানীয় সাংবাদিকবৃন্দ ও দর্শনার্থী। সবার অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচটি পরিণত হয় প্রাণবন্ত।