বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পেছনে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের রায় রাষ্ট্রবিরোধী ছিল। তার বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি, দেরিতে হলেও খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন ফখরুল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “খায়রুল হকের দেওয়া রায়ের পরই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এর ফলে দেশ রাজনৈতিক সংকটে পড়েছে, যা আজও চলছে। এই রায় বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা নষ্ট করেছে।”
এছাড়া তিনি বলেন, “শিশু একাডেমির ভবন ভাঙার পরিকল্পনা শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা সৃষ্টি করবে। আমরা এই পদক্ষেপের বিরোধিতা করছি।”
এর আগে, বৃহস্পতিবার সকালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে তিনটি মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। তিনি আপিল বিভাগে থাকাকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন।