রাজশাহীর দুর্গাপুরের পর এবার বাগমারার সরকারি খাদ্যগুদামগুলোতে খাওয়ার অনুপযোগী বিপুল পরিমাণ পচা চাল পাওয়া গেছে। অতি নিম্নমানের এসব চাল বিতরণ বন্ধের নির্দেশ দিয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম বৃহস্পতিবার সেখনকার চারটি খাদ্যগুদাম সিলগালা করেছেন।
এসব চালের মান যাচাই করতে বিভিন্ন গুদাম থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খাওয়ার অনুপযোগী চাল গুদামে ঢুকানোর অভিযোগে বাগমারার ভবানীগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।