কুমিল্লার চান্দিনায় সাত বছর বয়সি শিশু কন্যাকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। আহত ওই শিশু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুষার আহমেদ (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে চান্দিনা উপজেলার বরকইট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তুষার আহমেদ বরকইট গ্রামের ডাবুরিবাড়ি প্রবাসী ফরিদুল ইসলাম সহিদের ছেলে।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে পাশের বাড়ির ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।
ভূক্তভোগী শিশুর দাদি জানান, আমার নাতনিকে গাছ থেকে বিলম্ব ফল পাড়ার জন্য বাড়ি থেকে ডেকে নেয় তুষারের দাদি। আমার নাতনি গাছ থেকে বিলম্ব পাড়ার পর তাকে ঘরে ডেকে নেয় তুষার। এ সময় তার হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণ করে ঘরের দরজা খুলে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আমার নাতনিকে চান্দিনা হাসপাতালে নিলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, এ ঘটনার পর স্থানীয় কতিপয় মাতাব্বর ধর্ষকের পক্ষ নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার এবং শিশুর রিক্সাচালক পিতাকে টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। যে কারণে ঘটনার তিন দিনও বিষয়টি এলাকায় তেমন জানাজানি হয়নি। মঙ্গলবার বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়লে বিকালে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত তুষারকে গ্রেফতার করে।
এ ব্যাপারে চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানান, বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।