বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

আজ বাংলাদেশের ইতিহাসে প্রথমবার একদিনে সংসদ নির্বাচন ও গণভোট

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ণ

আজ বাংলাদেশের ইতিহাসে প্রথমবার একদিনে সংসদ নির্বাচন ও গণভোট

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

দুটি পৃথক ব্যালটে ভোটগ্রহণ এবং পোস্টাল ব্যালট গণনা যুক্ত থাকায় ফলাফল পেতে স্বাভাবিকের তুলনায় কিছুটা সময় বেশি লাগতে পারে বলে জানিয়েছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। গত ২৩ জানুয়ারি ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভোটাররা দুটি ব্যালটে ভোট দেবেন এবং পোস্টাল ব্যালট গণনা যুক্ত থাকায় ফল প্রকাশের গতি কিছুটা ধীর হতে পারে।

সারা দেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৪০ শতাংশের বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনকে সামনে রেখে আগেই ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রের তালিকা প্রস্তুত করে সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোটের নিরাপত্তায় ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছেন ১ লাখ ৩ হাজার সেনাসদস্য, উপকূলীয় পাঁচ জেলার ১৭ আসনে ৫ হাজার নৌসদস্য এবং ৩ হাজার ৫০০ বিমানসদস্য।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি। নির্বাচন কমিশনের তথ্যমতে, এর মধ্যে প্রায় ৪ কোটি ৯০ লাখ তরুণ ভোটার রয়েছেন। বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

ভোটগ্রহণে দায়িত্ব পালন করছেন ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। এর মধ্যে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসার।

২৯৯টি আসনে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল অংশ নিয়েছে। দলীয় প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।

মোট প্রার্থীর মধ্যে ৮৩ জন নারী। তাদের মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র। পুরুষ প্রার্থী রয়েছেন ১ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ১ হাজার ৬৯২ জন দলীয় এবং ২৫৩ জন স্বতন্ত্র প্রার্থী।