বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬

জুলাইয়ের ১১৪ শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ণ

জুলাইয়ের ১১৪ শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ

রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে জুলাই আন্দোলনের সময় নিহত ১১৪ জন অজ্ঞাতনামা শহীদের মরদেহ শনাক্তের উদ্দেশ্যে রোববার (৭ ডিসেম্বর) থেকে উত্তোলন কার্যক্রম শুরু হচ্ছে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নির্ধারণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ফৌজদারি তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. জসিম উদ্দিন খান জানান, ঢাকার একটি আদালতের নির্দেশ অনুসারে রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সকালে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত শেষে মরদেহগুলো যথাযথ মর্যাদায় পুনরায় দাফন করা হবে।

আজ সকাল সাড়ে ৯টায় সিআইডির অতিরিক্ত আইজিপি (প্রধান) মো. সিবগত উল্লাহ কবরস্থান সংলগ্ন এলাকায় সাংবাদিকদের ব্রিফ করবেন। এ সময় ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন্দেব্রাইডারসহ ফরেনসিক নৃবিজ্ঞানীদের একটি দল উপস্থিত থাকবেন।

সিআইডি কর্মকর্তারা জানান, কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে অপরাধ দৃশ্য ইউনিট কবরস্থানে তাবু ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করেছে।