বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

প্রেস সচিব: মেরুন টিশার্ট পরা সেই হামলাকারী পুলিশের কনস্টেবল

NewsPaper

স্বদেশ বানী ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ

প্রেস সচিব: মেরুন টিশার্ট পরা সেই হামলাকারী পুলিশের কনস্টেবল

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করা মেরুন রঙের টিশার্ট পরা ব্যক্তিটি পুলিশের একজন কনস্টেবল। ঘটনার সময় তিনি সেখানে ডিউটিতে ছিলেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলাকারী মেরুন রঙা পোশাকের ব্যক্তির বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘এটা তদন্ত করা হচ্ছে। আমি যেটা জানি, উনি একজন পুলিশ কনস্টেবল। উনি ডিউটিতেই ছিলেন। বাকিটা ডিএমপির কাছ থেকে জানতে পারবেন।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মেরুন টি-শার্ট পরিহিত ব্যক্তি ‘পুলিশের সদস্য’ দাবি করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তাঁর নাম মিজানুর রহমান। বিপি নং-৯৭১৭১৯৭২৪৩। তিনি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছেন।’

ওই পোস্টে তিনি আরও বলেন, ‘লাল শার্ট পরিহিত ব্যক্তি যাঁকে পেটাচ্ছেন, তিনি নুরুল হক নুর নন, তিনি ছাত্রনেতা সম্রাট। এই হামলার বৈধতা দেওয়া উচিত নয়।’

রাশেদ খানের এই দাবি সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘লাল শার্ট পরিহিত সেই ব্যক্তি পুলিশ সদস্য কি না, তা জানা নেই।’

গতকাল সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে গেলে দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করলে তাতে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও অনেক।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কাকরাইলে গণঅধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা সম্রাটকে লাঠি হাতে বেধড়ক পেটাচ্ছেন মেরুন রঙের টি-শার্ট পরা এক ব্যক্তি। পরে তাকে নিবৃত্ত করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।