বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫ সন্তান প্রসব

NewsPaper

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ণ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫ সন্তান প্রসব

নাটোরের লালপুরে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মাত্র ২৩ বছর বয়সি রেশমা খাতুন একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। ওই গৃহবধূ উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে রামেক হাসপাতালে গৃহবধূর প্রসব বেদনা শুরু হয়। তখন চিকিৎসকদের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশন ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে রেশমা খাতুন একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। সন্তানদের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে জন্মের পর রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ের মৃত্যু হয়।

সাইপাড়া গ্রামের শিক্ষক মকবুল হোসেন জানান, বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাইপাড়া গ্রামে জানাজা শেষে দুই শিশুর দাফন সম্পন্ন হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে নবজাতকদের বাবা আসিব হোসেন সবুজ জানান, সন্তানদের মা রেশমা সুস্থ রয়েছেন, তাদের নবজাতকেরা জন্মের পর থেকে কিছুটা দুর্বল। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।

আসিব হোসেন সবুজ জানান, তিনি ঈশ্বরদী মিলিটারি ফার্মে ৪৪৫ টাকায় দিনমজুরের কাজ করেন। আর্থিকভাবে তিনি দুর্বল। তার পক্ষে সন্তানদের ব্যয়ভার বহন করা কঠিন। তিনি স্ত্রী ও সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। সেই সঙ্গে সহযোগিতা কামনা করেছেন।