রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পুঠিয়া-দুর্গাপুর আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মন্ডলকে পরিবর্তনের দাবিতে এই সংবাদ সম্মেলন করেছেন অপর মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা।
১০ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল ৪টা ৪০ মিনিটে পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারে (পেঁয়াজ হাটা বণিক সমিতির সামনে) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে, মনোনয়ন বঞ্চিত মোঃ জুলফার নাইম মোস্তফা (বিশ্বয়), মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ ইসফা খায়রুল হক (শিমুল), মোঃ গোলাম মোস্তফা, মোঃ রুকুনুজ্জামান আলমের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন–
- মোঃ আব্দুল আজিজ মন্ডল, সাবেক সভাপতি, দুর্গাপুর উপজেলা বিএনপি, মোঃ রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক, পুঠিয়া উপজেলা বিএনপি , মোঃ জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক, পুঠিয়া উপজেলা বিএনপি, মোঃ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, পুঠিয়া উপজেলা যুবদল, মোঃ ওয়াহেদ মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক, বেলপুকুর ইউনিয়ন, মোঃ রজব আলী, সাবেক জিএস, বানেশ্বর কলেজ, মোঃ মাইনুল হক রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক, দুর্গাপুর পৌর বিএনপি।
লিখিত বক্তব্য পাঠ করেন পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী মাস্টার। তিনি বলেন, “দলের ত্যাগী ও জনভিত্তিসম্পন্ন প্রার্থীদের উপেক্ষা করে বারবার ব্যর্থ প্রার্থীকে মনোনয়ন দেয়া হলে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও বিভ্রান্তি ছড়াবে। তাই আমরা দলীয় হাইকমান্ডের কাছে পুনরায় প্রার্থী যাচাই-বাছাই করে জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা জানান, পরিবর্তনের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছেন এবং দলীয় ঐক্য রক্ষার স্বার্থে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা পিয়াজ হাটার সামনে মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
অনুষ্ঠানটি বিকেল ৫টা ৩০ মিনিটে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়।