সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।
দুঃখজনক এই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ার কান্দা এলাকায়।
নিহত তরুণের নাম রুহান (১৭)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসদরের বাসিন্দা। আহত বাদশা, উল্লাপাড়ার গয়হাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে কয়েকজন তরুণ উল্লাপাড়া থেকে পাবনার দিকে অতিরিক্ত গতিতে রেস করছিলেন। অপ্রতিরোধ্য গতির মোটরসাইকেলগুলো টেটিয়ার কান্দা এলাকায় পৌঁছালে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরসাইকেল রাস্তার পাশের একটি মেহগনি গাছে সজোরে আঘাত করে। এতে মোটরসাইকেল আরোহী রুহান ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা গুরুতর আহত বাদশাকে উদ্ধার করে শাহজাদপুর পিপিডি হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।
ঘটনাস্থলে উপস্থিত শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন,
বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক তরুণের মৃত্যু হয় এবং অপরজন গুরুতর আহত হন।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেল চালানো এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে, যথাযথ নজরদারি না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে।