সাক্ষরতার হার গুরুত্বপূণর্, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কী শিখছি- এমন মন্তব্য করে রাজশাহীা জেলা প্রশাসক আফিয়া আখতার বলেছেন, ‘দেশে এখন সাক্ষরতার হার প্রায় ৭৬ শতাংশ। আমরা উচ্চ শিক্ষিত হয়ে বসে আছি, স্নাতোকত্তোর পাশ করে কোনো কাজ করছি না বা পাচ্ছি না। আমরা কাজের ক্যাটাগরি করে ফেলছি, আমি মাস্টার্স পাশ করেছি, আমার দ্বারা সব কাজ করা সম্ভব না। এ ধরণের শিক্ষা আমাদের জন্য খুব একটা উপকারি নয়।’
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন জেলা প্রশাসক। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার আরও বলেন, ‘মাঝখানে একটা প্রজন্ম গড়ে উঠেছে তাদের বাবা-মা তাদের বলছে, খেলাধুলা না, খালি পড় আর পড়। শুধু পড়াতে কিছুই হবে না। পড়তে হবে, খেলতে হবে, সামাজিকতা শিখতে হবে। প্রযুক্তির ভিতরে ঢুকে যাওয়া চলবে না, এর ভেতরে ঢুকে গেলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমরা বিভিন্ন দিক দিয়ে শিক্ষা অর্জন করবো সাথে প্রযুক্তির শিক্ষাও গ্রহণ করবো।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. রায়হানুর ইসলাম স্বাগত বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন।
এর আগে সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে রাজশাহীর ক্যালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।