২৬০ বছর ধরে জিরাফকে আমরা ভুলভাবে জেনেছি! আগে বিজ্ঞানীরা জিরাফকে একটিমাত্র প্রজাতি হিসেবে ধরতেন। প্রজাতিটির বৈজ্ঞানিক নাম Giraffa camelopardalis। আফ্রিকার হাজার হাজার মাইল জুড়ে ছড়িয়ে থাকা তৃণভূমি ও বনাঞ্চলে এই প্রজাতিটি বিচরণ করত।
বিজ্ঞানীরা এখন জিরাফকে ভিন্ন চোখে দেখছেন। গত ২১ আগস্ট, বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (IUCN) ঘোষণা করেছে, জিরাফ এখন আর একটি নয়, বরং চারটি ভিন্ন প্রজাতিতে বিভক্ত। এখন থেকে সংরক্ষণ জীববিজ্ঞানীরা প্রতিটি প্রজাতির অবস্থা আলাদাভাবে মূল্যায়ন করবেন। প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, চারটি প্রজাতির মধ্যে তিনটিই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।