নওগাঁ প্রতিনিধি published: ২১ এপ্রিল, ২০২৬, ০১:১৬ পিএম

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ পাওয়া যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’
নিহতরা হলেন, বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের কন্যা সাদিয়া আক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মৃতদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে গতকাল সোমবার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। তাঁর কাছে গরু বিক্রি করার ২ লাখ ৮০ হাজার টাকা ছিল।
কেউ কেউ ধারণা করছেন, দুর্বৃত্তরা হাবিবুরের টাকা লুটের জন্য তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়ে থাকতে পারে। এছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ওসি হাবিবুর রহমান বলেন, নিহতদের মধ্যে বাড়ির কর্তা হাবিবুর ও স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁদের সন্তানদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। পরে পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।’