বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
logo

বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার


স্বদেশ বানী ডেস্ক published:  ২০ জানুয়ারী, ২০২৬, ১০:৫৩ এএম

বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। 

সোমবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন।

গ্রেফতারকৃতরা হলেন-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার মোহাম্মদ চিশতী (৪২)।      

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকন বাসে তল্লাশি চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। কুমিল্লা সীমান্ত দিয়ে আনা এসব অস্ত্র ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্র ঢাকায় নেওয়া হচ্ছিল। গ্রেফতারকৃতরা অস্ত্রগুলো কোথা থেকে এনেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল-তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।