বাংলাদেশ, বুধবার, এপ্রিল ২২, ২০২৬
logo

চারঘাটে জমি বিরোধে খুন, আত্মগোপনে থাকা ঘাতক গ্রেপ্তার


পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি published:  ১১ নভেম্বর, ২০২৫, ০৯:৩১ এএম

চারঘাটে জমি বিরোধে খুন, আত্মগোপনে থাকা ঘাতক গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জিশু আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাটখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিশু আলী ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটখালী গ্রামের জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় এই বিরোধের জেরে জালাল উদ্দিনের ছেলে বাবর আলী (৩০) ও রবিউলের ছেলে জিশু আলীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বাবর আলী ছুরি বের করে জিশুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় জিশু মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, তবে পথেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাবর আলী আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়ি ঘেরাও করে চারঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, অভিযুক্ত বাবর আলীর বাবা জালাল উদ্দিন ও নিহত যীশুর দাদা রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল এবং এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন ছিল।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।