বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
logo

মান্দায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের অতর্কিত হামলায় এক নারীসহ আহত ৫


মান্দা (নওগাঁ) প্রতিনিধি published:  ২২ অক্টোবর, ২০২৫, ০৩:২২ পিএম

মান্দায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের অতর্কিত হামলায় এক নারীসহ আহত ৫

নওগাঁর মান্দা উপজেলায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এক সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত এক নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের নিচ কুলিহার গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উজ্জল হোসেন (৩৮), পাতা বেগম (৪৫),  শাহাদুল ইসলাম (৫০), শাহিন (৪০) ও শামিফুল বেগম (৫০)। আহত পাতা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

ভুক্তভোগী  শাহাদুল ইসলাম অভিযোগ করে বলেন, পারিবারিক জমি নিয়ে প্রতিবেশী  বাবুল হোসেন ওরফে বাবু, সাহেব আলী, মকিমসহ ৮ জনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন দেশীয় অস্ত্রসহ অভিযুক্তরা তাঁর বাড়ির পাশে প্রবেশ করে গাছ কাটতে শুরু করে। বাধা দিলে তারা হামলা চালায়।

তিনি জানান, অভিযুক্ত বাবু চাইনিজ কুড়াল দিয়ে উজ্জল হোসেনের মাথায় আঘাত করেন এবং সাহেব আলী লোহার রড দিয়ে পাতা বেগমকে মাথায় আঘাত করেন। পরে পরিবারের অন্য সদস্যদেরও পিটিয়ে জখম করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে গুরুতর আহত পাতা বেগমকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঘটনার সময় এলাকার আরও কয়েকজন নারী এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”