বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
logo

নাটোরে প্রেমের সম্পর্কের জেরে পিতা-পুত্রকে কু’পিয়ে জ’খম


আল-আফতাব খান সুইট, নাটোর published:  ১৪ অক্টোবর, ২০২৫, ০৩:৫১ পিএম

নাটোরে প্রেমের সম্পর্কের জেরে পিতা-পুত্রকে কু’পিয়ে জ’খম

নাটোরের নলডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে পিতা-পুত্রকে মারপিট ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে মেয়ের বাবা ও তার লোকজন। রবিবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার তেঘরপাড়া মাঝদিঘা এলাকায় এই ঘটনা ঘটে।

আহত পিতা শফিকুল ইসলাম (৫৫) ও ছেলে রাকিব (২২) একই এলাকার বাসিন্দা। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত মেয়ের বাবা নুর হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, রাকিবের সঙ্গে নুর হোসেনের মেয়ে প্রভা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। এনিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। রবিবার রাতে নুর হোসেন ও তার লোকজন রাকিবকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। খবর পেয়ে রাকিবের বাবা শফিকুল ইসলাম সেখানে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত শফিকুলের ভাই মহিদুল ইসলাম বলেন, “নুর হোসেনের মেয়ের সঙ্গে আমার ভাতিজার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের পরিবার তা মেনে নেয়নি। এরপরও এমন হামলা কেন করা হলো, আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

অন্যদিকে অভিযুক্ত নুর হোসেন দাবি করেন, “রাকিব আমার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করত। একাধিকবার নিষেধ করা সত্ত্বেও সে কথা শোনেনি। উল্টো সেদিন রাতে তারা দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। মারপিটের অভিযোগ মিথ্যা।”

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পর মামলা হয়েছে। তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।”