বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস


স্বদেশ বানী ডেস্ক published:  ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১০ এএম

শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার তার সরকারের শীর্ষ অগ্রাধিকার। একই সঙ্গে তিনি বলেছেন, বিচার আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে।

নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব্বের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। একই দিন প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানির সঙ্গে বৈঠক করেন। এদিকে আজ শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়া চলছে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ স্বাক্ষরের পথে রয়েছে, যা গভীর রাজনৈতিক সংস্কারের রূপরেখা হিসেবে গণ্য হবে। তিনি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার অন্তর্বতী সরকারের শীর্ষ অগ্রাধিকার। বিচারের মুখোমুখি থাকা সত্ত্বেও তিনি (শেখ হাসিনা) উসকানিমূলক ও অস্থিতিশীল বক্তব্য দিয়ে চলেছেন। অন্তর্বর্তী সরকার তাকে ন্যায়বিচারের জন্য প্রত্যর্পণের দাবি জানিয়েছে। তিনি বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর পুনরুজ্জীবন এবং আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চান।

বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, জাতিসংঘ সংস্কার, রোহিঙ্গা সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আসিয়ান সদস্যপদ প্রক্রিয়া, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার এবং নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ ব্যবহারসংক্রান্ত পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ১২ কোটি ভোটারের জন্য অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জাতিসংঘ সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন। উভয় নেতা দীর্ঘমেয়াদি রোহিঙ্গা সংকট ও বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গার জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।