স্বদেশ বানী ডেস্ক published: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৪ এএম

খাগড়াছড়ির তিনটি সড়কে আধাবেলা অবরোধ চলছে। আজ বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। জেলার মানিকছড়ির তবলাপাড়ায় অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ইউপিডিএফ সমর্থিত তিন পাহাড়ি সংগঠন— পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং নারী আত্মরক্ষা কমিটি এই অবরোধের ডাক দিয়েছে।
মঙ্গলবার রাতে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার দপ্তর সম্পাদক স্বপন চাকমার পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
অবরোধের ফলে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার ও গাছের গুড়ি ফেলে তাতে আগুন দেয় অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। এ ছাড়া অবরোধ সমর্থকরা সড়কের বিভিন্ন স্থানে চোরাগোপ্তাভাবে পিকেটিং করছে বলে খবর পাওয়া গেছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধের কারণে কয়েকটি সড়কে যানবাহন চলাচল সীমিত থাকলেও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু স্থানে সড়কে টায়ার পোড়ানো হলেও তা সরিয়ে ফেলা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকালে মানিকছড়ির তবলা পাড়ায় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে গ্রামবাসী আটক করে। তাদেরকে ছাড়িয়ে আনতে গেলে প্রতিরোধের মুখে পড়েন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তখন লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে দাবি করেছে পাহাড়ি ছাত্র পরিষদ।