নিজস্ব প্রতিবেদক published: ২৫ আগস্ট, ২০২৫, ০৯:২৫ পিএম

রাজশাহীতে হেযবুত তওহীদের একটি মুক্ত আলোচনা সভা হতে দেয়নি হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার বিকেল ৪টায় নগরের সিঅ্যান্ডবি মোড়ের একটি দরবার হলে এই সভার আয়োজন করা হয়েছিল। তবে হেফাজতের বাধার কারণে শেষপর্যন্ত সভাটি হয়নি।
হেযবুতের এই সভা বন্ধ করার জন্য কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি চলছিল। হেফাজতের নেতারা জেলা প্রশাসক ও রাজশাহী নগর পুলিশের কমিশনারকে স্মারকলিপিও দিয়েছিলেন হেযবুতের সভা বন্ধ করার জন্য। তারপরও সভার প্রস্তুতি চলতে থাকলে সোমবার বেলা ৩টা থেকে সিঅ্যান্ডবি এলাকায় অবস্থান নেন হেফাজতের নেতাকর্মীরা।
তারা সেখানে হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের ব্যানারে একটি মানববন্ধনও করেন। ফলে হেযবুত তওহীদের নেতাকর্মীরা সভা করতে পারেননি। তবে আশপাশে হেযবুত তওহীদের নেতাকর্মীরাও ছিলেন। একই স্থানে দুই সংগঠনের নেতাকর্মীদের মুখোমুখি এই অবস্থানের কারণে এলাকায় উত্তেজনাও দেখা দেয়। এ অবস্থায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
সভা করতে না পেরে হেযবুত তওহীদের রাজশাহী জেলা কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সভাপতি মশিউর রহমান ও সহসভাপতি আশেক মাহমুদ উপস্থিত ছিলেন লিখিত বক্তব্য পাঠ করেন জেলার সভাপতি আরিফুজ্জামান গালিব।
তিনি বলেন, হেযবুত তওহীদ একটি আইন মান্যকারী অরাজনৈতিক আন্দোলন। রাজশাহীতে সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে একটি মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু আমাদের শান্তিপূর্ণ এই আয়োজন বন্ধে চিহ্নিত একটি মহল আদাজল খেয়ে নামে।’
গালিব বলেন, ‘অনুষ্ঠান বানচাল করতে হেফাজত ইসলামের ব্যানারেও নানা অপতৎপরতা দেখা যায়। ষড়যন্ত্রকারীরা জুমার দিনে পরিকল্পিতভাবে মসজিদে মসজিদে উস্কানিমূলক মিথ্যা প্রচারণা চালায়। স্মারকলিপি দিয়ে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। এ অবস্থায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসনের অনুরোধে আমরা অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হই।’
তিনি বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম স্বাধীনতান্ত্রিক রাষ্ট্র। এখানে একজন আইন মান্যকারী নাগরিক হিসেবে আমার কথা বলার অধিকার, সংগঠন করার অধিকার, আদর্শ প্রচার করার অধিকার, সভা-সমাবেশ করার অধিকার আইনসম্মত। এই অধিকার থেকে বঞ্চিত করা চরম বৈষম্যের প্রমাণ এবং স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন। উস্কানিদাতাদের সুনির্দিষ্ট নাম, ঠিকানা উল্লেখ করে তথ্য প্রমাণসহ আমরা মতিহার থানায় একটি জিডি করেছি। অনাকাঙ্ক্ষিত ঘটনার এড়ানোর অযুহাতে উগ্রবাদীদের কাছে নতি শিকার না করে প্রশাসনের এদের বিরুদ্ধে শক্ত ও কার্যকরী আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
এ বিষয়ে জানতে চাইলে হেফাজতে ইসলামের রাজশাহী জেলার সভাপতি মাওলানা শহীদুল ইসলাম বলেন, ‘হেযবুত তওহীদ ইসলামের নামে তাদের ভ্রান্ত আকীদা প্রচার করছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো ঠিক না। এ জন্য আমরা তাদের সভা বন্ধ করেছি।’
নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘একই স্থানে দুই সংগঠনের নেতাকর্মীদের অবস্থানের কারণে উত্তেজনা ছিল। পুলিশও সতর্ক ছিল। তাই কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হেযবুত তওহীদ তাদের অনুষ্ঠান স্থগিত করেছে।’