বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

দেশে কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই: মির্জা ফখরুল


অনলাইন সংস্করণ published:  ২৬ জুলাই, ২০২৫, ১১:১০ পিএম

দেশে কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই: মির্জা ফখরুল

দেশে কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "আগে যে ব্যবসায়ীকে তিন লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন দিতে হচ্ছে পাঁচ লাখ। পুলিশেও কোনো পরিবর্তন হয়নি।"


রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের বই 'অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য' প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক নিজেই, প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।


গণতন্ত্রচর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না উল্লেখ করে ফখরুল বলেন, "রাতারাতি সংস্কার সম্ভব নয়, তবে বিলম্ব না করে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে।" তিনি আরও বলেন, "গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধি সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।"


তিনি যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতির সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়েও সতর্ক করেন, বলেন, "ট্রাম্পের ট্যারিফ ভবিষ্যতে বড় বিপদে ফেলতে পারে।" পাশাপাশি, রাজনৈতিক দল হিসেবে জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকায় থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।