নির্বাচনি জনসভায় যোগ দিতে আগামী ২৯ জানুয়ারি রাজশাহী আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর ও আশপাশের এলাকায় দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সফরসূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী পৌঁছেই সরাসরি যাবেন ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। সেখানে নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি। তারেক রহমান সেখানে তিনি ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। চাইবেন ভোটও।
এ উপলক্ষে রোববার দুপুরে মাদ্রাসা মাঠ পরিদর্শ করেন বিএনপি নেতারা। সেখানে রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওলিউল হক রানা জানান, প্রাথমিকভাবে ২৮ জানুয়ারি তারেক রহমানের রাজশাহী আসার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে তা এক দিন পিছিয়ে ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা ও সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে তারেক রহমানের সফরের বিষয়ে আলোচনা হয়। পরে বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত জানান, তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিএনপি নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
তিনি বলেন, তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই জনসভায় তিনি দলের নির্বাচনি অঙ্গীকার ও রাজনৈতিক দিকনির্দেশনা রাজশাহীর মানুষের সামনে তুলে ধরবেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কৌশলগত অবস্থানও স্পষ্ট করবেন। জনসভা শেষে তারেক রহমান নওগাঁ হয়ে বগুড়া যাবেন বলেও জানান তিনি।