বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬

আল্টিমেটামে কাজ না হওয়ায় ক্যাম্পাসে বিএনপির ব্যানার খুলে ফেললেন রাকসু জিএস

NewsPaper

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ণ

আল্টিমেটামে কাজ না হওয়ায় ক্যাম্পাসে বিএনপির ব্যানার খুলে ফেললেন রাকসু জিএস

ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টাঙানো একটি ব্যানার খুলে ফেলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। ব্যানারটি টাঙিয়েছিলেন রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকা থেকে ব্যানারটি খুলে ফেলেন তিনি। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুর ২টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষককে ব্যানারটি অপসারণের আল্টিমেটাম দেন আম্মার।

আল্টিমেটামের সময়সীমা পার হলেও ব্যানার না সরানোয় নিজেই সেটি খুলে ফেলেন বলে জানান তিনি। ব্যানার অপসারণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ফেসবুকে আম্মার লেখেন, সংশ্লিষ্ট শিক্ষককে দৃষ্টি আকর্ষণ করে নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার অপসারণের আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তা করা হয়নি। তাই শিক্ষার্থী হিসেবে তিনি নিজেই ব্যানারটি ছিঁড়ে ফেলেছেন।

পোস্টে তিনি আরও লেখেন, ক্যাম্পাসে দলীয় ব্যানার টানিয়ে রাজনীতি করার প্রবণতার বিরোধিতা করবেন এবং শিক্ষক রাজনীতিকে ভয়াবহ সমস্যা হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, শিক্ষক রাজনীতি শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং শিক্ষকদের একাংশকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

একই পোস্টে আম্মার বলেন, অন্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও তার অবস্থান একই। কেউ রাজনীতি করতে চাইলে ক্যাম্পাসের বাইরে করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চাইলেও এর পেছনে শিক্ষক রাজনীতির বড় ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি এবং আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার বলেন, “তার শক্তি আছে বলেই ব্যানার খুলে ফেলেছে। এর চেয়ে বর্বোচিত ঘটনা আর কী হতে পারে। তারেক রহমান একজন দেশবরেণ্য নেতা। তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার টাঙানোয় বিশ্ববিদ্যালয়ের কী ক্ষতি হয়েছে?”

তিনি আরও বলেন, “এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসব ছাত্রনামধারী নেতা লেখাপড়া বাদ দিয়ে টহল দিয়ে বেড়াচ্ছে। এর বিচার জাতির কাছেই রইল।”