বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

হাদির রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে জামায়াতের দোয়া মাহফিল

NewsPaper

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ণ

হাদির রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে জামায়াতের দোয়া মাহফিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে রাজশাহী নগরীর একটি কনফারেন্স হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। তিনি বলেন, ওসমান হাদি একটি মানবিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। ন্যায়, সত্য ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার শাহাদাতে জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারিয়েছে। তার শাহাদাতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তার বলিষ্ঠ কণ্ঠস্বর ও আদর্শ নতুন প্রজন্মকে ধারণ করতে হবে এবং দল-মত নির্বিশেষে তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, মহান আল্লাহর দরবারে ওসমান হাদির রুহের মাগফিরাত ও শাহাদাত কামনা করা হচ্ছে। তার মাসুম সন্তানসহ স্ত্রী, শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে আল্লাহ তাআলা যেন সবাইকে এই বিরাট শোক সইবার তাওফিক দান করেন-সে দোয়াও করা হয়।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহাদত হোসাইন এবং অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইটসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।